আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডাসেন
দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার রাসি ফন ডার ডাসেন আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদায়বেলায় ফন ডার ডাসেন লিখেছেন, 'অত্যন্ত গর্বিত হৃদয় ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়াদের জার্সি গায়ে দেওয়াটা এমন এক অর্জন, যার জন্য অদম্য সহনশীলতা ও নিবেদনের প্রয়োজন হয়। এটি যেমন আপনার পরীক্ষা নেয়, তেমনি অবিশ্বাস্যভাবে পুরস্কৃতও করে।'
৩৭ বছর বয়সী এই ক্রিকেটার যোগ করেছেন, 'দেশের হয়ে খেলা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। এই পথচলা ছিল বহু বছরের ত্যাগের ফসল। তবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া প্রতিটি মুহূর্তই ছিল সার্থক।'
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে নিজের জন্মস্থানের দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন ফন ডার ডাসেন। পাশাপাশি আগামীতে কোচিং পেশায় নিজেকে যুক্ত করার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।
২০১৮ সালের ৯ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার হয়ে তিন সংস্করণেই মাঠ মাতিয়েছেন ফন ডার ডাসেন। ক্যারিয়ারে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গত বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টি-টোয়েন্টিই হয়ে রইল জাতীয় দলে তার শেষ ম্যাচ।
২০১৯ সালের ১৯ জানুয়ারি ওয়ানডে অভিষেকেই বাজিমাত করেছিলেন ফন ডার ডাসেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১০১ বলে ৯৩ রানের ইনিংস খেলে ক্রিকেট দুনিয়ার আলোচনায় এসেছিলেন। এরপর ওই বছরের বিশ্বকাপের দলেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য, যেখানে হাঁকিয়েছিলেন তিনটি ফিফটি।
ওয়ানডে ফরম্যাটে ফন ডার ডাসেনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান তিনি। তারপর ২০২৩ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংসসহ দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রোটিয়াদের হয়ে ওয়ানডেতে ৫০-এর বেশি গড় নিয়ে ক্যারিয়ার শেষ করা মাত্র দ্বিতীয় ব্যাটার তিনি। তার ওপরে আছেন কেবল কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২৫ সালের জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করেছিলেন তিনি।