‘রোহিতের ব্যাটিং দেখা এক পরম পাওয়া’
আইপিএলে দীর্ঘ ১৩ বছরের এক আক্ষেপ ঘুচলো মুম্বাই ইন্ডিয়ান্সের। অবশেষে আসরের প্রথম ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের দেখা পেল তারা। গত রাতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মৌসুমের শুভ সূচনা করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিশেষ করে রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংকে এই জয়ের মূল কারিগর হিসেবে দেখছেন তিনি।
রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২০ রানের বড় সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। ৫ বল আগে ওই পুঁজি পেরিয়ে যায় মুম্বাই। এতে করে ২০১২ সালের পর টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করল তারা।
ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেন, ‘অবশ্যই এটি একটি দীর্ঘ প্রতীক্ষা ছিল। ১৩ বছর অনেক লম্বা সময়। জানেনই তো, প্রতিবার যখন আমরা মাঠে নেমেছি, চেয়েছি জয় দিয়ে মৌসুম শুরু করতে। পুরো দল খুবই আনন্দিত যে অবশেষে আমরা এটি করতে পেরেছি।’
বড় লক্ষ্য তাড়া করা প্রসঙ্গে হার্দিক বোলারদের কৃতিত্ব দিয়ে বলেন, ‘আধুনিক ক্রিকেটে ২২০ রান সবসময়ই তাড়া করা সম্ভব যদি ভালো শুরু পাওয়া যায়। তবে প্রতিপক্ষ যেভাবে পাওয়ার-প্লেতে খেলছিল, আমাদের বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে এসে তাদের ২৫০-এর নিচে আটকে রেখেছে। টি-টোয়েন্টিতে ২৪০ বা ২৫০ রান তাড়া করা কঠিন, তাই বোলারদের কৃতিত্ব দিতেই হয়।’
রোহিত শর্মার ব্যাটিং নিয়ে মুগ্ধতা ঝরল অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, ‘রোহিতের ব্যাটিং দেখা এক পরম পাওয়া। আমি অনেক ব্যাটারকে দুর্দান্ত শট খেলতে দেখেছি, কিন্তু রো (রোহিত) যখন খেলে, তখন সবার মুখ হাঁ হয়ে যায়। তার ইনিংসটি ছিল এক কথায় অসাধারণ। সে নিজের ছন্দ ফিরে পাওয়ায় আমি অনেক বেশি খুশি।’
ওপেনিংয়ে রায়ান রিকেলটনের ওপর আস্থা রাখা প্রসঙ্গে হার্দিক জানান, কুইন্টন ডি ককের মতো অভিজ্ঞ ক্রিকেটারও দলের প্রয়োজনে এই সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিয়েছেন। এছাড়া শার্দুল ঠাকুরের পারফরম্যান্সের প্রশংসা করে হার্দিক তাকে ক্যারিয়ারের বাকি সময় এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাটানোর পরামর্শও দিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এই জয় মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কেবল দুই পয়েন্টই নয়, বরং এক যুগেরও বেশি সময়ের মানসিক বাধা ভাঙার বড় এক স্বস্তি হয়ে এল।