বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্পোর্টস ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে কোনো বাধা নেই। দেশি চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চাইলে তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন। 

জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷’

বাংলাদেশের কোন চ্যানেল আবেদন না করলেও ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করে থাকে। তারা বাংলাদেশেও এই আসর সম্প্রচার করতে পারবে বলে জানান তিনি, ‘আমরা কাউকে বাধা দেবো না৷ যদি দেখা যায়, যাবে৷ আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব৷ জোর করে কিছু করা হবে না।’ 

এদিকে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু ডয়চে ভেলেকে বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে৷ আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷’

আইপিএল সম্প্রচার নিয়ে এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার পাশাপাশি আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তবে লাভলু জানালেন বিগত সরকারের নির্দেশনার কোনো মূল্য এখন নেই, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো মূল্য নেই। বর্তমান সরকার যদি আমাদের এটি বন্ধ করতে বলে তবেই আমরা তা করব, কারণ আগের সরকারের নির্দেশনা এখন আর কার্যকর নয়।’

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আজ শুরু হচ্ছে। দশ দলের টি-টোয়েন্টি আসরের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। 

গতবার চ্যাম্পিয়ন হয়ে আরসিবির শিরোপা উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ জন নিহতের ঘটনায় শোক জানিয়ে শুরু হবে এবারের আইপিএল। এজন্য উদ্বোধনী কোন ঝমকালো আয়োজনও রাখা হয়নি।