জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক বাশার, নির্বাচক প্যানেলে নাঈম-নাদীফ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে অনুমিত পরিবর্তন নিয়ে এল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়ে নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে।

গাজী আশরাফ হোসেন লিপু নতুন চুক্তিতে রাজী ছিলেন না। তিনি বিদায়ের সিদ্ধান্ত নেওয়ার পরই নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে বাশারের নাম শোনা যাচ্ছিলো। কিছু প্রক্রিয়া শেষে সেটাই আনুষ্ঠানিক হলো।

​৫৩ বছর বয়সী বাশার এই দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞতায় টইটুম্বর। এর আগে তিনি বাংলাদেশ পুরুষ ও নারী—উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। মাঠের লড়াকু ব্যাটসম্যান বাশার প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্ব এখন থেকে নির্বাচক প্যানেলের নেতৃত্ব দেবেন।

​বাশারের সঙ্গে এই প্যানেলে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি সেপ্টেম্বর ২০২৫ থেকে গাজী আশরাফ হোসেনের অধীনে থাকা পূর্ববর্তী নির্বাচক প্যানেলেরও সদস্য ছিলেন।

​প্যানেলের নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ তারকা নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম তার ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করেছেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির জাতীয় রেকর্ডটি বর্তমানে তারই দখলে।

​অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ খেলার অভিজ্ঞতা নিয়ে এই প্যানেলে যুক্ত হয়েছেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

অবসরের পর থেকে তিনি বিসিবির বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।

​বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপের দল ঘোষণার মাধ্যমেই এই প্যানেলের বর্তমান মেয়াদের কাজ শেষ হবে।