পিছিয়ে গেল উইমেনস বিপিএল
বড় প্রত্যাশা আর নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নারী সংস্করণ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়সূচিতে হচ্ছে না উইমেনস বিপিএলের প্রথম আসর। টুর্নামেন্টটি পিছিয়ে নিয়ে জুলাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগে যেখানে ৪ থেকে ১৪ এপ্রিল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল, এখন সেটি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ২১ জুলাই।
সূচির পাশাপাশি ভেন্যুতেও এসেছে পরিবর্তন। প্রাথমিক পরিকল্পনায় ঢাকা ও চট্টগ্রামে ম্যাচ আয়োজনের কথা ছিল। নতুন সূচিতে সেই তালিকায় যুক্ত হয়েছে বগুড়াও।
টুর্নামেন্টের নতুন পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর কিছু ম্যাচ হবে চট্টগ্রামে। আর ২১ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে শুরু থেকেই কিছু জটিলতা ছিল। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার প্রক্রিয়াটি এগোচ্ছিল ধীরগতিতে। আগ্রহী প্রতিষ্ঠান খুব বেশি পাওয়া যাচ্ছে না, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল ক্রিকেট অঙ্গনে।
বিসিবির ব্যাখ্যাতেও সেই বাস্তবতার ইঙ্গিত মিলেছে। বোর্ডের ভাষ্য, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি জানিয়েছে, জুলাইয়ে আয়োজন করলে দলগুলো স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি এবং সার্বিক পরিচালন পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় পাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও বিবেচনায় রেখেছে বোর্ড। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর বিপিএল আয়োজন করলে আন্তর্জাতিক মানের আরও বেশি বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।