হাত মেলাননি দুই অধিনায়ক: ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

নানা নাটকের পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। তবে মাঠে নামলেও পুরনো উত্তাপই রইল লড়াইয়ে। আবারও টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা। তবে টস জিতে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে এশিয়া কাপের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। সে ধারাবাহিকতায় এবারও যে তারা করমর্দন থেকে বিরত থাকবেন তা এক প্রকার অনুমিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

পাকিস্তানের অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কারণ তার মতে উইকেটটি ছিল কিছুটা ট্যাকি। সাধারণত এমন পিচ রাতের দিকে তাপমাত্রা কমলে ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে ওঠে।

তবে ভারত ভিন্নভাবে পরিস্থিতি মূল্যায়ন করেছে। দলে অতিরিক্ত একজন স্পিনার নিয়েছে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, টস জিতলেও তারা আগে ব্যাটই করত। এতে বোঝা যায়, রাতের শিশিরের সম্ভাব্য প্রভাব সত্ত্বেও তারা আশা করছে পিচ ধীরে হয়ে স্পিন সহায়ক হবে।

পাকিস্তান অপরিবর্তিত দল নিয়ে নামলেও ভারত দলে ফিরেছেন নিয়মিত ওপেনার অভিষেক শর্মাকে, যিনি পেটের অসুস্থতার কারণে আগের ম্যাচ খেলেননি। সঞ্জু স্যামসনের জায়গায় খেলছেন তিনি। ফলে ওপেনিংয়ে দুজন বাঁহাতি ব্যাটার হয়েছে। এছাড়া বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের বদলে দলে এসেছেন স্পিনার কুলদীপ যাদব।

ভারত একাদশ

ঈশান কিষাণ, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।