বাবরকে পেশোয়ার ও শাহিনকে লাহোর ধরে রাখল, রিজওয়ানকে ছেড়ে দিল মুলতান

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের আগে বাবর আজমকে পেশোয়ার জালমি, শাহিন শাহ আফ্রিদিকে লাহোর কালান্দার্স, শাদাব খানকে ইসলামাবাদ ইউনাইটেড, আবরার আহমেদকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও হাসান আলীকে করাচি কিংস ধরে রেখেছে। এরা সবাই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়।

একমাত্র দল হিসেবে মুলতান সুলতান্স কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি। এমনকি তারা গত আসরে অধিনায়কত্ব করা মোহাম্মদ রিজওয়ানকেও ছেড়ে দিয়েছে।

বুধবার প্রকাশিত তালিকায় দেখা যায়, পেশোয়ার, লাহোর, কোয়েটা ও করাচি চার জন করে এবং ইসলামাবাদ তিন জন খেলোয়াড়কে ধরে রেখেছে। দুটি নতুন দল— শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ ও হায়দরাবাদ আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেবে। পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

ধরে রাখা বা নিলাম থেকে কেনা— সব খেলোয়াড়ই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দুই বছরের চুক্তি পাবেন। প্রতিটি দল সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিতে পারবে। তাদের মধ্যে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ সাত জন বিদেশি হতে পারবেন।

তাছাড়া, প্রতিটি দলে অন্তত একজন ২৩ বছরের কম বয়সী স্থানীয় খেলোয়াড় থাকতে হবে, যার আগে কখনও পিএসএলে খেলার অভিজ্ঞতা নেই।

নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪৫ কোটি পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৬৫ লাখ টাকা) খরচ করতে পারবে। সরাসরি চুক্তির ক্ষেত্রে প্রয়োজন হলে এটি ৫০ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত বাড়ানো যাবে।

দলগুলো নিলামের বাইরে একজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করতে পারবে। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথকে নিয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে এই সুযোগ কাজে লাগিয়েছে শিয়ালকোট।

এক নজরে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা:

লাহোর কালান্দার্স: শাহিন শাহ আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড), মোহাম্মদ নাঈম (সিলভার)।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: আবরার আহমেদ (প্লাটিনাম), উসমান তারিক (ডায়মন্ড), হাসান নওয়াজ (গোল্ড), শামিল হোসেন (ইমার্জিং)।

ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান (প্লাটিনাম), সালমান ইরশাদ (গোল্ড), আন্দ্রিস গুস (সিলভার)।

পেশোয়ার জালমি: বাবর আজম (প্লাটিনাম), সুফিয়ান মুকিম (ডায়মন্ড), আব্দুল সামাদ (গোল্ড), আলী রাজা (ইমার্জিং)।

করাচি কিংস: হাসান আলী (প্লাটিনাম), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড), খুশদিল শাহ (গোল্ড), সাদ বেগ (ইমার্জিং)।

মুলতান সুলতান্স: কাউকে ধরে রাখেনি।