১ কোটি ৩১ লাখ টাকায় রাওয়ালপিন্ডিতে রিশাদ
বিগ ব্যাশে আলো ছড়ানো বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে কাড়াকাড়ি হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)'র নিলামে। দুই দলের আগ্রহের পর তাকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বাংলাদেশি টাকার অঙ্কে যা প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।
পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন; সাত ম্যাচে ৯.৩৩ ইকোনমি রেটে শিকার করেছিলেন ১৩টি উইকেট। এমন শক্তিশালী পারফরম্যান্স সত্ত্বেও, এই বছরের ড্রাফটের আগে লাহোর তাকে ছেড়ে দেয় এবং পুনরায় দলে ভেড়ানোর জন্য কোনো বিড করেনি।
লাহোর বিড না করলেও রিশাদকে পেতে লড়াই করে করাচিং কিংস ও রাওয়ালপিন্ডি। দুই দলের নিলাম লড়াইয়ে জেতে নতুন দল রাওয়ালপিন্ডি।
নিলামে মোট ৯০৩ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার অংশ নেন, যার মধ্যে ৫৩ জন ছিলেন বাংলাদেশের। ড্রাফটে প্রথম বাংলাদেশি হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম উঠলেও তিনি অবিক্রিত থেকে যান।
লাহোরের সাবেক খেলোয়াড় সাকিব আল হাসানও অবিক্রিত থেকে গেছেন।