সাবমেরিনের খোঁজ মেলেনি, ‘অজানা বস্তু’ শনাক্ত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী

স্টার অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের খোঁজে অনুসন্ধান চালাতে গিয়ে অজানা একটি বস্তু পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

সিএনএন জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবমেরিনটির অক্সিজেন শেষ হয়ে যাবে।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর কেন্দ্রীয় তথ্য ইউনিটের প্রধান মেজর জেনারেল আসমাদ রিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেন, ইন্দোনেশিয়ার নৌবাহিনী ৫০ থেকে ১০০ মিটার গভীরে ‘শক্ত চুম্বক’ জাতীয় একটি বস্তু খুঁজে পেয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে রিগুয়েল নামে একটি যুদ্ধজাহাজ অনুসন্ধানের জায়গায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রিগুয়েল একটি উচ্চ প্রযুক্তির জাহাজ। এটি বস্তু শনাক্ত করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে।

নৌবাহিনী আশা করছে, রিগুয়েল জাহাজটির মাধ্যমে হারিয়ে যাওয়া সাবমেরিনটি খুঁজে পাওয়া যাবে।

বুধবার ভোররাতে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি ৫৩ জন আরোহীসহ নিখোঁজ হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সাবমেরিনের অনুসন্ধানে সহায়তা পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্দোনেশিয়ার সাবমেরিনের সন্ধানে এইচএমএ জাহাজ বল্লারাট ও সিরিয়াস নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। বর্তমানে জাহাজ দুটি সমুদ্রে মোতায়েন করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি এক টুইটে জানান, নিখোঁজ ইন্দোনেশিয়ান সাবমেরিনটি অনুসন্ধানের জন্য যুক্তরাষ্ট্র একটি উড়োজাহাজ পাঠাচ্ছে।

সিএনএন জানিয়েছে, শনিবারের মধ্যে নিখোঁজ সাবমেরিনটির অক্সিজেন নিঃশেষ হয়ে যাবে। তাই ৫৩ আরোহীকে বাঁচাতে হলে ২৪ ঘণ্টার মধ্যে সাবমেরিনটি উদ্ধার করতে হবে।

আরও পড়ুন:

৫৩ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন