‘নারীদের ভোটেই নির্ধারিত হয় কে যাবেন হোয়াইট হাউসে’

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নারীদের ভোটেই নির্ধারিত হয় প্রেসিডেন্ট হয়ে কে যাবেন হোয়াইট হাউসে— এমন মন্তব্য করেছেন দেশটির একজন রাষ্ট্রবিজ্ঞানী।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্যাথরিন ডিগ্যালো-গোউল্ড সংবাদমাধ্যমটিকে বলেন, প্রায় ১০০ বছর আগে যুক্তরাষ্ট্রে নারীরা ভোট দেওয়ার অধিকার পাওয়ার পর অনেকে আশঙ্কা করে বলেছিলেন, এবার হয়তো নারীরা নিজেদের দল গঠন করে দেশের রাজনৈতিক অঙ্গনে ভাঙন সৃষ্টি করবে।

তিনি জানান, অনেকে আবার নারীদের ভোটাধিকারকে ‘পেটিকোট শাসন’ আসছে বলেও উপহাস করেছিলেন।

তবে, বাস্তবে তা ঘটেনি। বিদ্যমান রাজনৈতিক দলগুলো দ্রুত নারীদের সাংগঠনিক কাজে অন্তর্ভুক্ত করে নেয়। দেখা যায়, পুরুষদের মতো নারীরাও একই প্রার্থীকে ভোট দিচ্ছেন।

এখন হয়তো অনেক কৃষ্ণাঙ্গ, আদিবাসী, এশীয়-আমেরিকান ও ল্যাটিন আমেরিকান নারী ভোট দিচ্ছেন কিন্তু ভোটাধিকারের শুরুতে এমন চিত্র ছিল না বলেও জানান তিনি।

অধ্যাপক ক্যাথরিন বলেন, ১৯৮০ সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোটবাক্সে নারী-পুরুষের ব্যবধান ছিল অনেক। সে বছরেই প্রেসিডেন্ট নির্বাচনে পুরুষদের চেয়ে বেশি সংখ্যক নারী ভোট দিয়েছিলেন।

‘তখন থেকে সেই ধারা অব্যাহত রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত নারীরা ভোটবাক্সে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছেন।’

তার মতে, ‘যুক্তরাষ্ট্রে নারীদের ভোটেই নির্ধারিত হয় প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন, অর্থাৎ, কে যাবেন হোয়াইট হাউসে।’

আরও পড়ুন:

‘এগিয়ে থাকার আভাস পেলেই নিজেকে জয়ী ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের’

কৃষ্ণাঙ্গদের ভোটকেন্দ্রে আনতে মরিয়া বাইডেন-কমলা