জর্জিয়ায় ১ মাসের জন্য ‘জরুরি অবস্থা’ জারি

স্টার অনলাইন ডেস্ক

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জর্জিয়ায় আজ থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি সালোমে জৌরাবিচভিলিক রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জরুরি অবস্থার কথা ঘোষণা করেন।

দেশটির প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়া গতকাল জানান, জরুরি অবস্থা চলাকালীন ১০ জনের বেশি লোক একসঙ্গে সমবেত হতে পারবেন না।

তবে, সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং গণমাধ্যমের ওপরও কোনো বিধিনিষেধ থাকবে না।

এর আগে, জর্জিয়ায় দুই সপ্তাহের জন্য বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আজ থেকে দেশটিতে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জর্জিয়ান এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট অন্য দেশ থেকে জর্জিয়ার নাগরিকদের আনতে পারবে।

২০ মার্চ থেকে দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশন, ডাকঘর ও ব্যাংক ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত জর্জিয়ার জনসংখ্যা প্রায় ৩৭ লাখ। শনিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মোট ৪৭ জন আক্রান্ত হয়েছে।