সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার কথা ভাবছি: মোদি

স্টার অনলাইন ডেস্ক

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট আগামী রোববার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি আজ সোমবার নিজেই এ কথা জানিয়েছেন।

যদিও সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার ভাবনার পেছনের কারণ ব্যাখ্যা করেননি মোদি। তিনি বলেন, পোস্টের মাধ্যমে আপনারা জানতে থাকবেন।

বিশ্বের সরকার প্রধানদের মধ্যে মোদির সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি অনুসারী রয়েছেন। টুইটারে তার অনুসারীর সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ, ফেসবুকে চার কোটি ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন কোটি।

আজকের টুইটে তার এই ঘোষণায় এক ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি লাইক পড়ে, মন্তব্য এসেছে ৩৯ হাজারের বেশি এবং রিটুইট হয়েছে প্রায় ২০ হাজার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে বিভিন্ন সময় গর্বের কথা বলেছেন মোদি। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন তিনি। তবে দিল্লির সহিংসতা নিয়ে তাকে নীরব থাকতে দেখা গেছে। এ নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে তার।