ম্যাচ থেকে ছিটকে গেলেন চাতারা

ক্রীড়া প্রতিবেদক

দিনের দশম ওভারের ঘটনা। তিন নম্বর বলটা গিয়ে বা পায়ের পেশিতে টান পড়ে মাটিতে পড়ে যান টেন্ডাই চাতারা। আর উঠে দাঁড়াতে পারেননি, তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষার পর জানা গেছে এই ম্যাচ থেকেই ছিটকে পড়েছেন তিনি।

চাতারার চোটের আপডেট নিজেদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে জিম্বাবুয়ে। জানা যায়, গ্রেড-২ মাশল স্ট্রেইনে পড়েছেন এই পেসার। আপাতত এই ম্যাচে তার আর নামার সম্ভাবনা নেই।

মিরপুর টেস্টে জিম্বাবুয়ে নেমেছে দুই পেসার ও এক পেস অলরাউন্ডার নিয়ে। প্রথম ইনিংসেই চাতারা ছিটকে পড়ায় ম্যাচটি কঠিন হয়ে গেল সফরকারীদের জন্য।

চোটে পড়ার আগে সকাল থেকে বেশ ভালো বল করছিলেন চাতারা। আর্দ্রতা কাজে লাগিয়ে কাইল জার্ভিসও ছিলেন তেতে। প্রথম ঘণ্টায় তাই উইকেট আঁকড়ে খেলার চেষ্টা করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ঘন্টায় দুজন তুলেন মাত্র ২২ রান।

তবে সময় বাড়ার সঙ্গেই রান বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত আর কোন বিপর্যয়ে পড়েনি বাংলাদেশ। ৫ উইকেটে ৩৬৫ রান তুলে লাঞ্চে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।