টেস্ট দলে চার নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদ, চট্টগ্রাম থেকে

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দলে ডাক পেয়েছেন এখনো টেস্ট অভিষেক না হওয়া চারজন। ডাকা হয়েছে পেসার সৈয়দ খালেদ আহমদ, অলরাউন্ডার আরিফুল হক, ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলা সিরিজ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। খারাপ পারফরম্যান্সের কারণে রাখা হয়নি পেসার কামরুল ইসলাম রাব্বি ও রুবেল হোসেনকে। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল। অনুমিতভাবেই তাই অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ভেন্যু হিসেবে সিলেটেরও অভিষেক হবে এই ম্যাচে। খালেদের জন্য উপলক্ষটা অবশ্য বিশেষ।  নিজ শহরেই জীবনে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। দলে আছেন সিলেটের আরেক পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকে ভালো করায় ধরে রেখেছেন জায়গা। 

টেস্ট দলে ডাক পাওয়ার দিনই বল হাতে ঝলক ছিল খালেদের। জাতীয় লিগে ম্যাচে তার ১০ উইকেট নেওয়ার দিনে ঢাকা মেট্রোকে ৩ রানে হারিয়েছে সিলেট বিভাগ। শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে সিরিজেও তার বোলিং নজর কেড়েছিল নির্বাচকদের।  

১৫ সদস্যের দলে পেসার পেসার আছেন চারজন। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে না থাকা মোস্তাফিজুর রহমানের সঙ্গে অন্যজন হলেন শফিউল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ফিফটি পেলেও ঘরের মাঠে নুরুল হাসানকে বিবেচনায় নেননি নির্বাচকরা। তার জায়গা নিয়েছেন ওয়ানডেতে ভালো করা মোহাম্মদ মিঠুন। 

সাকিব আল হাসান না থাকায় দ্বিতীয় বাঁহাতি স্পিনারের জায়গা পূরণ করতে ডাকা হয়েছে নাজমুল ইসলামকে। এশিয়া কাপ থেকেই ওয়ানডে দলের সঙ্গে থেকে কোন ম্যাচে নামতে না পারা আরিফুল হক এবার পেলেন টেস্ট দলেও ডাক। 

নতুন এতজনকে দলে নেওয়া বিষয়ে প্রধান নির্বাচক বলেন, 'চারটা নতুন মুখ রয়েছে। যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা। সেই কথা বিবেচনা করে আমরা সেরা স্কোয়াড ঘোষণা করেছি। এখানে আমাদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ টেস্ট সিরিজে আমরা ভালো করতে পারিনি।  ওটা মাথায় রেখেই আমরা এগুচ্ছি।। আশা করি এই সিরিজটা আমরা  ভালো করতে পারবো।'

বাংলাদেশ টেস্ট দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৈয়দ খালেদ আহমদ, নাজমুল ইসলাম অপু।