বাংলাদেশে গণমাধ্যমের টেকসই সক্ষমতা নিয়ে আইএমএস-ডিজিটালি রাইটের প্রশিক্ষণ শুরু
ডেনমার্কভিত্তিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এবং ডিজিটালি রাইট লিমিটেডের যৌথ উদ্যোগে ঢাকায় গণমাধ্যমের টেকসই সক্ষমতা বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্যোগটি বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে।
আজ সোমবার আইএমএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই ব্যাচে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে দেশের নয়টি গণমাধ্যমের ১৪ জন সাংবাদিক ও গণমাধ্যম নির্বাহী অংশ নিচ্ছেন। মূলধারার ও উদীয়মান স্বাধীন গণমাধ্যমকে টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তুলতে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।
আইএমএসের এশিয়া অঞ্চলের মিডিয়া বিজনেস অ্যাডভাইজার ড্যানি ইয়ং বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গণমাধ্যমের বিভিন্ন ব্যবসায়িক মডেল ও ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারণা পাবেন।
আইএমএসের বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার শাকাওয়াত হোসেন বলেন, প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকে পরবর্তী সময়ে পরামর্শ ও সহায়তাও দেওয়া হবে।
ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, এই অংশীদারত্ব বাংলাদেশের গণমাধ্যমের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।