বিচারহীনতার কারণে পাহাড়ের নারীরা সহিংসতার শিকার হচ্ছে: ঊষাতন তালুকদার
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, ‘পাহাড়ের নারীদের প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে থাকতে হয়। বিচারহীনতার কারণে এখানকার নারীরা সহিংসতা, নির্যাতন ও অত্যাচারের শিকার হচ্ছেন। এতে লম্পট ও দুষ্কৃতকারীরা আরও সুযোগ পাচ্ছে।’
আজ রোববার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঊষাতন তালুকদার বলেন, ‘কেউ কাউকে অধিকার এনে দেয় না। নিজেকে সংগ্রাম করে অধিকার আদায় করে নিতে হয়। নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। সমাজে নারী অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রামের নারীদের অধিকার বিষয়ে সচেষ্ট হতে হবে। তবে নারীদের অধিকার আদায়ের আন্দোলনে নারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, শিক্ষাবিদ শিশির চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি জগদীশ চাকমা, সমাজকর্মী কান্তি চাকমাসহ অন্যান্যরা।
আলোচনা সভার আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি করা হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পিনোন-হাদি পরে পাহাড়ি নারীরা র্যালিতে অংশ নেন।