চট্টগ্রামে হরিণ শিকারের সময় গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি রাবার বাগানে হরিণ শিকার করার সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকায় এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবি‌উল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. জমির (৫০) খিরাম ইউনিয়নের বাসিন্দা।

ওসি রবি‌উল ইসলাম বলেন, জমিরসহ চার থেকে পাঁচজনের একটি দল বন্য হরিণ শিকারের জন্য বন্দুক নিয়ে গভীর জঙ্গলে যায়। শিকারের সময় জমির গুলিবিদ্ধ হন। তাকে নাজিরহাটের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থলটি রাউজান থানার আওতাধীন এলাকায় পড়ে। বিষয়টি ওই থানাকে জানানো হয়েছে। গুলিটি ভুলবশত নাকি ইচ্ছাকৃতভাবে ছোড়া হয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখবে।

রবি‌উল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।