চট্টগ্রামে চুরির অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. সেলিম (৪৫) একই ইউনিয়নের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে দুইজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় চরতী ইউনিয়নের খতিরহাট এলাকায় কয়েকশ মানুষ একটি বাড়ি ঘেরাও করে চুরির অভিযোগ তুলে সেলিম ও তার ২ সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেলিমের বাবা আবুল খায়ের সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, ইসমাইল ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘চুরির অভিযোগে নাকি পূর্বের কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে,’ বলেন তিনি।