শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অভিযুক্তকে হেফাজতে নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়ায় এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে আটক অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে ঘটনাস্থল থেকে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে বিকেল থেকে অভিযুক্তকে তুলে দেওয়ার দাবিতে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে কৌশলে অভিযুক্তকে থানায় হেফাজতে নেওয়া হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মনির হোসেন ওরফে মইন্না (৩৫) স্থানীয় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী।

পরিবারের বরাতে ওসি বলেন, ৪ বছর বয়সী শিশুকে একটি ডেকোরেশন দোকানে নিয়ে যৌন নিপীড়ন করে মনির। পরে শিশুটি বাসায় ফেরার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।

তিনি আরও জানান, পরে শিশুটির পরিবার মনিরকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকশ বাসিন্দা ওই বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক ইফতেখার তিশন জানান, জনতা উত্তেজিত হয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। স্থানীয়রাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ছররা গুলি ছোঁড়ে। এতে চট্টগ্রাম প্রতিদিনের দুই সাংবাদিক আহত হন।

পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে স্থানীয়রা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে বলে।