ঢাকা সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী হতে পারেন সেলিম উদ্দিন ও ডাকসু ভিপি সাদিক কায়েম

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হতে পারেন সেলিম উদ্দিন ও সাদিক কায়েম। তাদের মধ্যে সেলিম উত্তরে ও ডাকসু ভিপি সাদিক দক্ষিণে প্রার্থী হতে পারেন। তবে, এখনো আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেনি জামায়াত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার বলেছেন, দুই সিটি করপোরেশনের জন্য দল সাংগঠনিকভাবে ইতোমধ্যে প্রার্থী বাছাই করেছে। তবে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে।

ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াত সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে, গতকাল ঢাকার দুই সিটি করপোরেশনের নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে এনসিপি।