হাসিনার আমলেও তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাকেই বা কীভাবে গণতন্ত্র বলা যায়?
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের অবস্থান কী হবে, কিংবা তার এতদিনের রাজনৈতিক ইতিহাসেরই বা কী হবে।'
'সবকিছু বিবেচনায় আমার কমন সেন্স বলছে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন,’ যোগ করেন এই সংসদ সদস্য।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, 'বর্তমানে মানুষের হাতেই নানা ধরনের গণমাধ্যম রয়েছে। ফলে কেউ চাইলে যেকোনো বক্তব্য শুনতে পারেন এবং এভাবে কোনো বক্তব্য কার্যত বন্ধ রাখা সম্ভব নয়।'
বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ নিয়েও মন্তব্য করেন স্বতন্ত্র এই সংসদ সদস্য। তিনি বলেন, 'এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি দেশের রাজনীতিতে পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তিরও লক্ষণ।'