সাঁথিয়ায় বিএনপি-জামায়াত দ্বন্দ্বে পশুর হাটের ইজারা বন্ধ, ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে বিরোধের জেরে পাবনার সাঁথিয়ায় একটি অস্থায়ী পশুর হাটের ইজারা বন্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত হাট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌর এলাকায় ইছামতী নদীর তীরের একটি পরিত্যক্ত জায়গায় একটি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নেয় পৌর প্রশাসন। জেলা প্রশাসকের অনুমতি পেয়ে গত ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে এ হাটের প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়।

এরপর ২০ হাজার টাকা জামানত দিয়ে মোট ২৬ জন দরদাতা নিলাম প্রক্রিয়ায় অংশ নেন।

নিলাম চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থিত দরদাতাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিফ রায়হান কার্যক্রম স্থগিত করেন।

পরে আজ বৃহস্পতিবার সকালে নিলাম ডাকা হলে দুপক্ষের মধ্যে আবার বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ইউএনও রিজু তামান্না বলেন, 'আমরা অনেক চেষ্টা করেও শান্তিপূর্ণভাবে ইজারা সম্পন্ন করতে পারিনি।'

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান বলেন, 'পশুর হাট নিয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করা হলেও প্রশাসনের একটি মহলের যোগসাজশে তা বন্ধ করে দেওয়া হয়েছে।'

অন্যদিকে, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম পাল্টা অভিযোগ করে বলেন, 'নিলামে অংশ নিতে গেলেও জামায়াত নেতাকর্মীদের গালিগালাজ ও হুমকির কারণে আমরা নিলাম বর্জন করতে বাধ্য হই।'

ইউএনও জানান, ইছামতী নদীর ডাইকের পাশে এখনো কোনো পক্ষকে ইজারা দেওয়া হয়নি। হাট নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকায় জনস্বার্থে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারার কারণে সেখানে হাট বসানোর সুযোগ থাকছে না বলে জানান তিনি।