ধর্মঘট প্রত্যাহার, একদিন পর জামালপুর-ঢাকা বাস চলাচল স্বাভাবিক
নিরাপত্তা দাবিতে জামালপুরে পরিবহন শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসের পর প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকাসহ জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
এ তথ্য নিশ্চিত করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ দ্য ডেইলি স্টারকে জানান, তাদের ১২ দফা দাবির মধ্যে দুটি দাবি ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।
এর আগে, বুধবার রাত থেকে কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, নান্দিনা এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর এবং চালক ও সহকারীদের মারধর করা হয়েছে। পরে ধর্মঘটে সংহতি জানিয়ে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতিও এ কর্মসূচিতে যোগ দেয়।
সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘বিকেলে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা হয়। আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
দুপুর ২টার দিকে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জেলা জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে বাস শ্রমিকদের হামলায় আবিদ সৌরভ ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে।
আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বাস মালিক ও শ্রমিক সংগঠনের কয়েকজন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালান।’
তবে শিক্ষার্থীদের ওপর বাস শ্রমিকদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন শুভ।
জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
