বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদলকর্মীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।

গতকাল রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আতিকুর রহমান ওরফে মিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হয় বরযাত্রীরা। হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে আতিকুরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটি থামান। এরপর তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে তুলে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি আমি শুনেছি।  আতিকুর ছাত্রদলের সমর্থক। তবে দলীয় কোনো পদে না থাকায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

ওসি রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, আতিকুর দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

‘তবে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, তামান্নার সঙ্গে আতিকুরের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার রাজি না হওয়ায় আতিকুর এ ঘটনা ঘটিয়েছেন। তবে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।