নেত্রকোণায় ঢাল-সড়কি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৩১

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার মদনে গত ঈদুল ফিতরে গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রোববার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ সংঘর্ষে নারীসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গুরুতর আহত ১১ জনকে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এক নারীকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের সময় গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনা নিয়ে একই গ্রামের নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করে।

ওই বিরোধের জেরে আজ দুপুরে নজরুল ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাফরিন সুলতানা ডেইলি স্টারকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি সালাউদ্দিন করিম বলেন, ‘আগের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলা করেছিল। আজকের সংঘর্ষও ওই ঘটনার জেরে। আজকের সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’