ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা যুবক আটক

স্টার অনলাইন রিপোর্ট

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে ফুল দিতে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আটক ওই যুবকের নাম অর্ণব দাস, তার বাড়ি টাঙ্গাইলে। তিনি নিজেকে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের কর্মী বলে জানিয়েছেন।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।

ওসি বলেন, সকাল থেকে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে রাস্তার দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা গেছে। ওই সড়কে আগেই যান চলাচল বন্ধ করা হয়েছিল। আজ পথচারীদেরও রাস্তাটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ভবনটির বড় একটি অংশে ভাঙচুর চালানো হয়।

পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার অনলাইনে দেওয়া একটি ভাষণকে কেন্দ্র করে আবারও সেখানে ভাঙচুর চালানো হয়। এরপর শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয়বারের মতো ভবনটিতে ভাঙচুর চালানো হয়।