ফেনীতে নবজাতকের মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা
ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে একটি দল আল আকসা হাসপাতালে অভিযান চালায়। সেসময় অপারেশন থিয়েটারে (ওটি) বেশকিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন বলেন, নবজাতকের মৃত্যুর পেছনে কারও অবহেলা বা চিকিৎসাজনিত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।