ধোলাইখালে ওয়াসার পাইপ ফেটে সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা, জবি

রাজধানীর ধোলাইখাল এলাকায় ওয়াসার একটি পানির পাইপ ফেটে মাটি সরে যাওয়ায় সড়কের একাংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে ভারী বৃষ্টির সময় হঠাৎ করেই সড়ক বিভাজকের কাছের রাস্তার একটি অংশ ধসে যায়। এতে সেখানে বড় একটি গর্ত তৈরি হয়। পরে সেই গর্তের আশপাশ ধসে যায়।

দুর্ঘটনা এড়াতে পুলিশ ওই এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। সেখান দিয়ে যান চলাচলও বন্ধ আছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘রোববার বিকেল ৩টার দিকে রাস্তার ওই অংশটি ধসে পড়ে। হঠাৎ করেই রাস্তা দেবে যায়। সেখানে একটি গর্ত তৈরি হয়।’ধোলাইখাল

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের কাজ শুরু করেছেন।

ডিএসসিসির উপসহকারী প্রকৌশলী মো. তারেক হোসেন জানান, রাস্তার নিচে থাকা ওয়াসার ২০ থেকে ৩০ বছরের পুরোনো একটি পাইপে লিকেজ তৈরি হয়েছিল।

তিনি বলেন, ‘সেখান থেকে বের হওয়া রাস্তার নিচের মাটি সরে যায়। এর ফলে সড়কটি ধসে পড়ে। আমরা কাজ শুরু করেছি। পুরোপুরি মেরামত করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে।’

ওই প্রকৌশলী আরও জানান, মেরামতের জন্য রাস্তাটি পুরোপুরি বন্ধ করা হবে না। এক পাশে কাজ চলবে এবং অন্য পাশ যান চলাচলের জন্য খোলা থাকবে।