কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও জনজীবন ছিল স্বাভাবিক।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামে দলটির ৩০-৪০ জন নেতাকর্মী মিছিল বের করে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এ ঘটনার ৪২ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।
তবে শহর ঘুরে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা যায়নি। কিছু কিছু এলাকায় পুলিশের উপস্থিতি দেখা গেলেও সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়নি।
শহরের চৌরঙ্গী এলাকার রিকশাচালক নুর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, অন্যদিনের তুলনায় আজ শহরে লোক কম। সকাল ১১টায় রিকশা নিয়ে বের হয়েছি, বিকেল ৫টা পর্যন্ত তেমন আয় হয়নি।
চাঁদমারি এলাকার চা বিক্রেতা মনজ বিশ্বাস বলেন, প্রতিদিন বেচাকেনা একরকম হয় না, আজও কম। আমার কাস্টমারদের মধ্যে বেশিরভাগই রিকশাচালক। দুপুরের পর তাদের অনেকেই বাড়ি চলে গেছে, রাস্তায় লোকও কম ছিল।
এদিকে, গোপালগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলো ফ্যাসিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী মিছিল করেছে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, আজ গোপালগঞ্জে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মাদকবিরোধী, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘গোপালগঞ্জে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়’, বলেন তিনি।
জানতে চাইলে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ ডেইলি স্টারকে বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল রাত থেকে আজ পর্যন্ত পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা স্বাভাবিক গ্রেপ্তারের তুলনায় কিছুটা কম।
তিনি বলেন, সেনাবাহিনী স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তাদের মাঠে নামার প্রয়োজন হয়নি। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ডেইলি স্টারকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা নেই। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং জেলায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্যও প্রস্তুত রয়েছে, প্রয়োজন অনুযায়ী তারা দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম।