সমাধান হয়নি পতাকা বৈঠকে, ৩০ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখায় ১২ জন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় এক দিন ও রাত পার করা ১২ নারী-পুরুষ-শিশুর বিষয়ে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে।
এতে আরও দীর্ঘ হচ্ছে তাদের ভোগান্তি।
আজ শনিবার কুষ্টিয়া ৪৭-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে ২০ মিনিট ধরে পতাকা বৈঠক হয়। বিএসএফ জানিয়েছে, তারা কাগজপত্র যাচাইবাছাই করে জানাবে। আপাতত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।'
শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্ত দিয়ে ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে। এক শিশুর বয়স এক থেকে দেড় বছরের মধ্যে বলে জানা গেছে।
ভোরে প্রথমে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তাদের দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে জানায়। পরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠানো হয় ১২ জনকে।
পরে গতকাল শূন্যরেখায় সারাদিন কাটানোর পর তাদের সেখানে রাতও পার করতে হয়।
স্থানীয়রা জানায়, সীমান্তঘেঁষা মাথাভাঙ্গা নদী থেকে পানি তুলে বালতিতে তাদের কাছে পৌঁছে দিয়েছে কয়েকজন বাংলাদেশি।

