লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ও স্থানীয়রা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) 'পুশ ইন' চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আমঝোল সীমান্তের কাঁটাতারের বেড়ার গেটের কাছে ১০ থেকে ১২ জন ব্যক্তিকে একটি গাড়িতে করে নিয়ে আসে বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের সদস্যরা। অভিযোগ রয়েছে, তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকানোর চেষ্টা করা হয়।
সীমান্তে বিএসএফের এমন অস্বাভাবিক তৎপরতা টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীদের একত্রিত করেন। তারা স্থানীয় বিজিবি ক্যাম্পকে বিষয়টি জানান এবং খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, বিএসএফের পুশইনের চেষ্টা দেখে তারা গ্রামবাসীদের জড়ো করেন। পরে কয়েকশ গ্রামবাসী ও বিজিবি সদস্যরা শূন্যরেখায় যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে পিছিয়ে আসে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের শূন্যরেখা থেকে ফিরিয়ে নিয়ে যায়। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এই পুশ ইনের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে যেকোনো ধরনের পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।