প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সাংবাদিকরা এই কমিটির কাছে আপিল করলে ৩০ দিনের মধ্যে সেটি নিষ্পত্তি করতে হয়।
গত ১৪ মে কমিটি পুনর্গঠনের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কমিটির সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।
অন্যান্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকমল হোসেন ও ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস উদ্দিন খান।
প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সাংবাদিকরা সচিবালয়, জাতীয় সংসদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অফিস বা স্থাপনায় প্রবেশের পূর্বানুমতি পান।
বিগত অন্তর্বতী সরকারের সময় শতাধিক সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়।
একই প্রজ্ঞাপনে গত বছরের ২৮ অক্টোবর গঠিত আগের আপিল কমিটি বাতিল করা হয়।