চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতর থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত নরেন্দর (৩৫) ওই কার্যালয়ের সিকিউরিটি প্রটোকল কর্মকর্তা ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকালে খুলশী এলাকায় ওই কার্যালয়ের ভেতর থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
সিএমপি কমিশনার জানান, দূতাবাসের কর্মকর্তারা খুলশী থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুর ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিএমপি উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।'