র‍্যাব নাম না থাকলেও এলিট ফোর্স থাকবে: জাহেদ উর রহমান

স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনেই এ ধরনের এলিট ফোর্সের প্রয়োজন আছে। তাদের কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করার সুযোগ নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এমন কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

জাহেদ বলেন, তাদের (র‍্যাব) ভালো ইকুইপমেন্টস ও প্রশিক্ষণ আছে। সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামেই হোক বা ভিন্ন নামেই হোক এবং ওয়েল ডিফাইনড আইন থাকবে।

আওয়ামী লীগ আমলে অন্য অনেকের সঙ্গে বিএনপির পক্ষ থেকেও র‍্যাব বিলুপ্তির দাবি জানানো হয়েছিল, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এক অর্থে র‍্যাব আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, র‍্যাবের জন্য একটা নতুন আইন হবে।

‘আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।’

তিনি বলেন, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আবার নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে। কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখবো র‍্যাব অত্যন্ত যোগ্যতার সঙ্গে নানা ধরনের সন্ত্রাস মোকাবিলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।