যুক্তরাজ্যে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্টার অনলাইন রিপোর্ট

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরেছেন। যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৯ মে লন্ডনে গিয়েছিলেন তিনি।

আজ সোমবার বঙ্গভবন প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

এবার চিকিৎসাকালে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রস এবং রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মচারীরা।