মেয়ে কারিনাকে নিয়ে বাবা কায়সার হামিদের আবেগঘন পোস্ট

স্টার অনলাইন রিপোর্ট

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সার মারা গেছেন। লিভার-সংক্রান্ত জটিলতায় গতরাত সাড়ে ১১টার দিকে ভারতের চেন্নাইয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর।

কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ তার মেয়ের মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা সবাই দিনরাত কারিনার জন্য দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই নিজের কাছে নিয়ে গেছেন। অত্যন্ত সরল, হাসি-খুশি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

কারিনা
কায়সার হামিদের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া ছবি 

কারিনা কায়সার বেশ কিছুদিন ধরেই লিভারের জটিলতায় ভুগছিলেন। প্রথমে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। এর মধ্যেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকির ওয়েব ফিল্ম ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।