বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি ও বিমানঘাঁটির পরিকল্পনা

স্টার অনলাইন রিপোর্ট

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের পাশাপাশি দক্ষ পাইলট তৈরির জন্য ফ্লাইং একাডেমি ও একটি আধুনিক বিমানঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

আজ বৃহস্পতিবার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বগুড়া পরিদর্শন করে সরকারের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের প্রধান ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। আরও ছিলেন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তারা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে চড়ে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন।

পরিদদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখানে এসেছি। বগুড়ার মানুষ ভাগ্যবান কারণ উত্তরবঙ্গের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই নির্মিত হবে।'

'এছাড়া, দক্ষ পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি স্থাপন করা হবে এবং বগুড়াকে অন্যতম অ্যাভিয়েশন হাবে পরিণত করা হবে,' বলেন তিনি।

প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকার যত দ্রুত সম্ভব এই বিমানবন্দরটি চালু করতে চায়।'

মীর শাহে আলম বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছিলেন, অল্প সময়ের মধ্যে বগুড়ায় কার্গো সুবিধাসহ একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। এই ঘোষণার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয় এবং এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রকল্পটির কাজ শুরু করে।'

তিনি জানান, বগুড়া বিমানবন্দরটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ স্কুল হিসেবে ব্যবহার করছে। বিমান বাহিনী প্রধান সেখানে উত্তরবঙ্গের প্রথম অত্যাধুনিক বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন।

'প্রস্তাবিত ফ্লাইং একাডেমি থেকে বিমান বাহিনী ও বেসরকারি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ একটি রানওয়ে তৈরি করা হবে,' বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, 'এই বিমানবন্দরটি যাত্রী ও কার্গো—উভয় কার্যক্রমেই কাজে লাগবে। এর মাধ্যমে কৃষি পণ্য ও হালকা প্রকৌশল পণ্য রপ্তানি করা সম্ভব হবে। এটি উত্তরাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।'

এসময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।