সকালে যে সড়কে ৭ জনের প্রাণহানি, বিকেলে সেখানেই গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত
বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাসিন্দা বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন (৪৫)।
ওসি জানান, বাবুল স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এরুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।'
প্রাইভেটকারটির সামনের একটি চাকা ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানান ওসি।
তিনি বলেন, 'মোটরসাইকেলচালক বাবুল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার স্ত্রী জেসমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি।
এর আগে, মাত্র ১১ ঘণ্টা আগে একই সড়কে বাসচাপায় ৭ শ্রমিক নিহত হয়। ভোর সাড়ে ৫টার দিকে এরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এরুলিয়া বাজার এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়।
এ দুর্ঘটনায় ৫ দিনমজুরসহ মোট ৭ জন নিহত হন। দুর্ঘটনায় আহত ১৯ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

