ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।
ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়াপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাহিদা আক্তার (১৬) ওই এলাকায় নানির সঙ্গে থাকত ও ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার মা লিজা আক্তার প্রবাসী ও বাবা নুর হোসেন বরিশালে থাকেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেলে নাহিদা নিজ ঘরে একা পড়ছিল। সেসময় তার নানি বাইরে ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাহিদাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি নাজমুল হুদা বলেন, হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।