ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে এবার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীর নাম

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাইকমিশনার করা হচ্ছে বলে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

আজ রোববারের প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভারতের ক্ষমতাসীন বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দিনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন।

এক্সে (সাবেক টুইটার) ত্রিবেদীকে অভিনন্দন জানিয়ে অমিত মালব্য লিখেছেন, 'বিজেপির জ্যেষ্ঠ নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের সংসদ সদস্য শ্রী দিনেশ ত্রিবেদী বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হওয়ায় অভিনন্দন।'

ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি।

তবে, ভারতীয় এক কূটনীতিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অমিত মালব্যের পোস্টের দিকে ইঙ্গিত করেন।

প্রতিবেদনে এটিকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়, কারণ দিনেশ ত্রিবেদীই হতে পারেন বাংলাদেশে ভারতের প্রথম কোনো রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত দূত।

সবশেষ হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

হিন্দুস্তান টাইমস বলেছে, দিনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সম্মতির প্রয়োজন হবে। তবে ৭৫ বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিককে বাংলাদেশে দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্তটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের প্রতি এক ধরনের জবাবদিহির বার্তাও বহন করছে।

দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং ওই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন।

এর আগে ভারতের কিছু গণমাধ্যম হাইকমিশনার হিসেবে বিহারের সদ্য বিদায়ী গভর্নর ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা আরিফ মোহাম্মদ খানের নিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছিল।