সিরাজগঞ্জ

ফুয়েল কার্ড পেতে আবেদনের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়াল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, পাবনা

সিরাজগঞ্জে অতিরিক্ত ভিড়ের কারণে ফুয়েল কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা ৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল সোমবার ১ এপ্রিল পর্যন্ত ফুয়েল কার্ড সংগ্রহের সময়সীমা বেঁধে দিয়েছিল জেলা প্রশাসন। সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা এলাকায় কোনো যানবাহন ফুয়েল কার্ড ছাড়া পাম্প থেকে পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে না। মূলত জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।

আজ সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে মোটরসাইকেল আরোহীদের প্রচণ্ড ভিড় হয়। 

এরপর আবেদনকারীদের চাপের মুখে কার্ড ইস্যুর সময়সীমা ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

ফুয়েল কার্ড পেতে যানবাহনের মালিক বা চালককে জাতীয় পরিচয়পত্র, যানবাহনের রেজিস্ট্রেশন পেপারস, বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, পাসপোর্ট সাইজ ছবি, পেশাগত পরিচয়পত্র বা প্রয়োজনীয়তা প্রমাণের দলিলাদির অনুলিপি জমা দিতে হবে।