জুলাইযোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী জুলাইযোদ্ধাদের যে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে, তা গ্রহণ করবে সরকার।
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে যেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং তাদের ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো আমরা গ্রহণ করব।
১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তাই কার্যপ্রণালী বিধি অনুসারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আজ এই কমিটির বৈঠকে অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিগত সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু অধ্যাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে ২০২৪ পরবর্তী জনকাঙ্ক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান সালাহউদ্দিন।
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা নামকরণগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত সহজভাবেই নেওয়া হবে। অন্যান্য অধ্যাদেশগুলোর কোনটি সরাসরি বা কোনটি সংশোধনীসহ গ্রহণ করা যায়, তা পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এছাড়া উপাত্ত সংরক্ষণ অধ্যাদেশ ও তেল সংকটের জেরে পেট্রোল পাম্পে ভাঙচুরের মতো বিচ্ছিন্ন ঘটনার অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।