নারায়ণগঞ্জে রেল পুলিশের এসআই-কনস্টেবলকে মারধর

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরে রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ রোববার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারধরে আহত এসআই মো. মিজান রহমান নারায়ণগঞ্জ রেল পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কনস্টেবলের নাম মো. আরিফ। ঘটনার সময় এসআই পুলিশের পোশাক পরা ছিলেন, তবে কনস্টেবল সাদা পোশাকে ছিলেন।

পুলিশের ওপর হামলার কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরা এসআই ও টি-শার্ট পরা আরেকজনকে মারধর করছেন কয়েকজন যুবক।

হামলাকারীরা বলছেন, তাদের দুজনকে মাদক-সংশ্লিষ্টতার ‘মিথ্যা অভিযোগে’ গাড়িতে তোলার চেষ্টা করেছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

তবে সদর থানা পুলিশ বলছে, রেল পুলিশের দুই সদস্য টহলের সময় দুজনকে গাঁজাসহ আটক করলে সহযোগীরা হামলা চালায়।

ভিডিওতে নিজেকে হোসিয়ারি কারখানার কর্মী পরিচয় দিয়ে রমজান নামে এক যুবক বলেন, ‘আমাকে ও আমার পরিচিত আরেকজনকে রাস্তায় আটকে তল্লাশি করেন দুই পুলিশ সদস্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কিছু পায় নাই। কিন্তু হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তুলতে চেয়েছিল। তখন স্থানীয় থান কাপড় দোকানের কয়েকজন আমাকের ঠেকিয়ে রাখে।'

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রেললাইনে নিয়মিত টহলে ছিলেন রেল পুলিশের ওই কর্মকর্তা। তখন গাঁজাসহ দুজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন দুই পুলিশ সদস্যকে মারধর করেন।'

'রেল পুলিশের কাছে অস্ত্র থাকে না। তাই তারা হামলা ঠেকাতে পারেননি,' বলেন তিনি।

বিষয়টি নিয়ে থানা পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারেক আল মেহেদী।