এপ্রিলের শুরুতে ঢাকা সফর করবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশে আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং। ১৪তম বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী ২-৩ এপ্রিল তিনি ঢাকা সফর করবেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ১৮ মাস পর ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে কোনো চীনা কর্মকর্তার প্রথম উচ্চপর্যায়ের সফর।

আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিষয়টি জানান বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে এই কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন পথ খোঁজা হবে।

সফরকালে বাংলাদেশের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইডংয়ের।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের স্বীকৃতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন গতির সঞ্চার করবে।