জানা গেল কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয়

স্টার অনলাইন রিপোর্ট

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়া জানান, গতকাল শনিবারের হামলায় আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল ইসলাম। তার হাঁটুতে আঘাত লেগেছে।

বাকি তিনজন বিস্ফোরণের ফলে উড়ে আসা কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন। তারা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মাসুদুর রহমান ও কুমিল্লার পাতালিয়া কান্দি গ্রামের দুলাল মিয়া।

সচিব আরও জানান, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আহতদের সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

তবে আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে এর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করে দেশটি। এরই অংশ হিসেবে গতকাল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়।