টেন্ডার নিয়ে জামায়াতের ২ নেতাকে মারধরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে
পাবনার চাটমোহর উপজেলায় হাট-বাজার ইজারার টেন্ডার জমা দেওয়া নিয়ে জামায়াতে ইসলামীর দুই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ছিল উপজেলা পরিষদের ডাকা হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দেওয়া শেষ দিন। একইসঙ্গে বিকেল ৩টায় জমা দেওয়া টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব তার নিজ এলাকার একটি হাটের টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলায় যান। সে সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার ওপর হামলা করেন। এর কিছুক্ষণ পর ইউএনও অফিস থেকে বের হচ্ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান। তখন ‘জামায়াতের সেক্রেটারি এখানে কেন’ বলেই তার ওপর হামলা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘আমি ইউএনও সাহেবের কাছে গিয়েছিলাম আমার এলাকার একটি সমস্যা-সংক্রান্ত কাজ নিয়ে। ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার জমা দিয়েছেন, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি জানতামও না। ইউএনও অফিসের কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।’
চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু ডেইলি স্টারকে বলেন, ‘টেন্ডার জমা দেওয়ার সময় ইউএনওর কার্যালয়ে জামায়াত নেতার উপস্থিতি দেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। সে সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা দ্রুত সবাইকে শান্ত করি।’
এদিকে, এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাবনা-৩ আসনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজগর। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, টেন্ডার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, জামায়াতের কর্মপরিষদ সভায় আলোচনা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করা হবে।