৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও মিউজিক ব্যান্ড ওয়ারফেজকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা প্রদান করেন।
এবার অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদক পেয়েছেন। এর সঙ্গে মিউজিক ব্যান্ড ওয়ারফেজ এই পদক পেয়েছে।
আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা এবং ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে এর দলনেতা শেখ মুনিরুল আলম টিপু প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেন।
সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পদকপ্রাপ্তদের মানপত্র পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।