রোজার আগে হঠাৎ লেঅফ, গাজীপুরে কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা।
আজ বুধবার সকাল ৮টার দিকে রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন।
কারখানার শ্রমিক মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ কারখানায় এসে দেখি লেঅফ ঘোষণা করা হয়েছে। সামনে রোজা ও ঈদ। এই অবস্থায় পরিবার নিয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি।’
কারখানাটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘চলতি মাসের বেতনও বকেয়া রয়েছে।’
‘আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করব। সমাধান না এলে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে,’ বলেন মশিউর।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি ৪ মার্চ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ সময় তাদের কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ নোটিশের আওতার বাইরে থাকবেন, বলা হয়েছে নোটিশে।
রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহীনের মোবাইল ফোনে একাধিকবার করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেকটর বিকাশ চৌধুরী ডেইলি স্টারকে জানিয়েছেন, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।