রক্তপাতহীন সুন্দর স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন: সিইসি

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশন একটা রক্তপাতহীন ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এখনো এ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টাস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলের সহযোগিতা দরকার উল্লেখ করে সিইসি বলেন, ‘লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে কথা তো বলতেই হবে। কারণ এই ইলেকশনটা তো আসছে। এই অনুষ্ঠানে দুইজন জাতীয় নেতা তাদের চিন্তার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন আয়োজন করা সম্ভব না।’

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘আপনারা দরকার হলে নিজেরা নিজেরা বসেন। বসে একটা ফয়সালার মধ্যে আসেন। আমরা রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন দেখতে চাই। অতীতে দেখা গেছে, অনেক মার্ডার হয়। এই ধরনের পরিস্থিতিতে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোন ঝামেলায় যাব না।’

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না। তবুও বিভিন্ন দল মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এটার জন্য চিন্তার ভাঁজ পড়েছে আমার কপালে। সবাই স্বতন্ত্র প্রার্থী হলে পার্টির মালিকানা থাকত না, দলে দলে দঙ্গল থাকত না।’

নাসির উদ্দিন আরও বলেন, ‘সারা দুনিয়ার সভ্যদেশের মতো নির্বাচন যেন আমরা করতে পারি তেমন একটা সংস্কৃতি গড়ে তোলা দরকার। সেখানে আপনাদের (দলগুলোর) মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। রাজনৈতিক দলগুলো বসে একটা ফয়সালা করেন।’

সিইসি আরও যোগ করেন, ‘আমরা সত্যিকার অর্থে শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই। এখানে কোনো ধরনের ঘাটতি থাকবে না। এর জন্য সহযোগিতা চাই এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার একটা সমন্বয় লাগবে।’

স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধিতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনে যেহেতু পার্টি সিম্বল থাকবে না, তাই পরিচালনা বিধি বদলাতে হচ্ছে। আচরণবিধিগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এই বিধি-বিধানগুলো সম্পন্ন করে আমরা সরকারের সাথে বসব। সরকারের একটু প্রস্তুতি দরকার আছে। স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হয় বলে সময় লাগে।’