‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন
গণভোটের ভোট গণনায় কিছু পরিবর্তন এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটার উপস্থিতির হার কিছুটা সমন্বয় করে আজ বৃহস্পতিবার নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
গত ১৩ ফেব্রুয়ারি গণভোটের প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এটি সংশোধন করা হয়েছে।
আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ ভোট পড়েছে এবং 'না' ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
সংশোধিত হিসাব অনুযায়ী, 'হ্যাঁ' এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং 'না' ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। ভোটার উপস্থিতি ৬০ দশমিক ১৯ শতাংশ।
অথাৎ, মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৪ হাজার। 'হ্যাঁ' ভোটের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার কমেছে, অন্যদিকে 'না' ভোট কমেছে ১ লাখ ১১ হাজার এবং বাতিলকৃত বা অবৈধ ভোটের সংখ্যা কমেছে ১২ হাজার ৫৫৯টি।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, করণিক ভুল এবং সংখ্যা স্থানান্তরের ভুলের কারণে এই পরিবর্তনগুলো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সাধারণত ভোটাররা ব্যালট ফাঁকা রাখলে, সব অপশনে চিহ্ন দিলে বা ভুলভাবে চিহ্নিত করলে সেই ব্যালটগুলো অবৈধ ঘোষণা করা হয়।